রাঙামাটির কাপ্তাইয়ে দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩০ জন গ্রাম উন্নয়ন এবং নারী উন্নয়ন কমিটির সদস্যরা অংশ নেন।
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০ টায় হাসপাতালের সামাজিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।
এসময় তিনি বলেন, প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা অর্জন করে সেটা সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে এবং নিজেকে স্বাবলম্বী হতে হবে। প্রশিক্ষন গ্রহন করে নেটওয়ার্কিং বাড়াতে হবে।
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এতে সভাপতিত্ব করেন। কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের এমআইএস সুপারভাইজার ওয়াংসুইনু মারমার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা।
দিনব্যাপী কর্মশালায় রিসোর্স পারসন হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান এবং উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের।


















