বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কক্সবাজার থেকে সাইকেলে ৩৮ দিনে এভারেস্ট বেস ক্যাম্পে কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠ থেকে সাইকেলে যাত্রা শুরু করে ৩৮ দিন পর নেপালের এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছেছেন রাঙামাটির কাপ্তাইয়ের সাইক্লিস্ট ও অভিযাত্রী বীর কুমার তনচংগ্যা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতার এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান তিনি।

বীর কুমারের দাবি, সমুদ্রপৃষ্ঠ থেকে স্থলপথে সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানো প্রথম বাংলাদেশী এবং প্রথম আদিবাসী সাইক্লিস্ট তিনি।

‘সি টু হিমালয়াস—এক্সপেডিশন ফর অ্যাওয়ারনেস’ নামের এই অভিযানের শুরু হয়েছিল কক্সবাজারের কবিতা চত্বর বিচ থেকে। গত ১৬ আগস্ট সকাল ৮টা ৩৯ মিনিটে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের মধ্য দিয়ে অভিযানের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন বীর কুমার। এরপর সাইকেলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাবান্ধা সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেন তিনি। সেখান থেকে শিলিগুড়ি হয়ে নেপালে পৌঁছে শুরু করেন হিমালয়ের দুর্গম পথের অভিযান।

অভিযানের শুরু থেকেই প্রতিদিনের যাত্রার নানা অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন বীর কুমার। দীর্ঘ এই পথে তাঁকে পাড়ি দিতে হয়েছে দুর্গম পাহাড়ি পথ, প্রতিকূল আবহাওয়া ও নানা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। কখনো ঝড়-বৃষ্টির মধ্যে, কখনো দুর্গম ও উঁচু পাহাড়ি পথে সাইকেল চালিয়ে এগিয়ে গেছেন তিনি। প্রতিকূলতার মধ্যেও নির্ধারিত লক্ষ্য থেকে সরে আসেননি।

এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানোর আগে কয়েক দিনের ব্যবধানে হিমালয়ের তিনটি দুর্গম চূড়া ও গিরিপথ অতিক্রম করেন বীর কুমার। ১৮ সেপ্টেম্বর ৫ হাজার ৮৩ মিটার উচ্চতার নাংকার্তশাং পিক সামিট করেন তিনি। ওই দিন বিকেল ৪টা ৩৫ মিনিটে চূড়ায় পৌঁছান।

পরদিন ১৯ সেপ্টেম্বর ৫ হাজার ৫৫০ মিটার উচ্চতার ছুকুং রি পিক সামিট করেন। বিকেল ৪টা ৫১ মিনিটে সেখানে পৌঁছান তিনি। এরপর ২১ সেপ্টেম্বর ৫ হাজার ৫৩৫ মিটার উচ্চতার কংমা লা পাস অতিক্রম করেন। সেদিন দুপুর ১টা ৫৩ মিনিটে কংমা লা পাসে পৌঁছান তিনি। এর পরদিনই তাঁর গন্তব্য ছিল এভারেস্ট বেস ক্যাম্প।

৩৮ দিনের এই দীর্ঘ অভিযাত্রার লক্ষ্য ছিল শুধু হিমালয়ের দুর্গম পথ জয় করা নয়। রক্তদান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু ন্যায্যতা বিষয়ে সচেতনতা তৈরি এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরাও ছিল অভিযানের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে বাংলাদেশের অ্যাডভেঞ্চার পর্যটনের সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরতে চেয়েছেন তিনি।

বীর কুমার বলেন, ‘স্বপ্ন বড় হলে পথ যত কঠিনই হোক, থেমে যাওয়া যায় না।’তিনি জানান, এই অভিযানের প্রতিটি ধাপে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। দীর্ঘ পথ, আবহাওয়ার পরিবর্তন, দুর্গম পাহাড়ি ট্রেইল এবং শারীরিক ও মানসিক চাপ সামলে তাঁকে সামনে এগোতে হয়েছে। তবে দেশের মানুষের শুভকামনা, ভালোবাসা ও সহযোগিতা তাঁকে সাহস জুগিয়েছে।

এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানোর পর বীর কুমার বলেন, এই অর্জন তাঁর একার নয়। দীর্ঘ অভিযাত্রায় যাঁরা সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞ। সামনে থাকা লক্ষ্যগুলো পূরণ করে বাংলাদেশের লাল-সবুজের পতাকা নিয়ে নিরাপদে দেশে ফিরতে চান তিনি।

বীর কুমার তনচংগ্যা সাইকেল অভিযানের অভিজ্ঞতা দীর্ঘদিনের। এর আগে তিনি সাইকেলে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করেছেন। দেশের দীর্ঘতম ক্রস-কান্ট্রি রুট টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্তও সাইকেলে পাড়ি দিয়েছেন। এছাড়া ভারতের ১০টি রাজ্য ভ্রমণের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ২০২৩ সালের ডিসেম্বরে শুরু করে প্রায় ৭১ দিনে ৫ হাজার ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ২০২৪ সালের মার্চে দেশে ফেরেন তিনি।
কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বাসিন্দা বীর কুমার  কাপ্তাই ব্লাড ব্যাংক ও ওয়াগ্গা ভলান্টিয়ারের প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান, মানবসেবা এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ে সচেতনতামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তিনি।

কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠ থেকে শুরু করে ভারতের বাংলাবান্ধা-শিলিগুড়ি হয়ে নেপালের দুর্গম পাহাড় পেরিয়ে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতার এভারেস্ট বেস ক্যাম্প—৩৮ দিনের এই অভিযাত্রায় দুই চাকার সাইকেলে বীর কুমারের সামনে ছিল একের পর এক চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত সেই পথ পেরিয়ে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে নতুন এক অধ্যায়ের সাক্ষী হলেন কাপ্তাইয়ের এই অভিযাত্রী।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খুনী হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে: আমির আব্দুল আলিম

কাপ্তাইয়ে ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে হামলার অভিযোগ: নিরাপত্তা কর্মী আহত

উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের সোনাদিয়ায় অবৈধ কটেজ নির্মাণের হিড়িক

কাপ্তাই হ্রদের নৌপথ খননকাজে সমন্বয়হীনতার অভিযোগ

রাঙামাটিতে শানে সাহাবা খতীব কাউন্সিলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সতর্ক করতে মানিকছড়িতে মাইকিং

রামগড়ে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেফতার

error: Content is protected !!
%d bloggers like this: