হিমালয় অভিযানে আরও একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গার বীর অভিযাত্রী বীর কুমার তনচংগ্যা।
আজ ৯ নভেম্বর তিনি নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছেছেন সাইকেল চালিয়ে । সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ১৩০ মিটার (১৩ হাজার ৫৫৩ ফুট) উচ্চতায় অবস্থিত এই বেস ক্যাম্পে পৌঁছানোর মধ্য দিয়ে তাঁর চলমান ‘সি টু হিমালয়াস—এক্সপেডিশন ফর অ্যাওয়ারনেস’ অভিযানে যুক্ত হয়েছে আরেকটি সাফল্য।
‘প্যাডেল ফর ডোনেট ব্লাড’ ও ‘ক্লাইমেট জাস্টিস’—এই দুটি সামাজিক সচেতনতামূলক বার্তা সামনে রেখে গত ১৬ আগস্ট ২০২৬ কক্সবাজার থেকে শুরু হয় তাঁর এই হিমালয় অভিযান।
অভিযানের অংশ হিসেবে এর আগে তিনি এভারেস্ট বেস ক্যাম্প, এভারেস্ট অঞ্চলের তিনটি উচ্চতম পাস এবং পাঁচটি পর্বতশৃঙ্গ অতিক্রম করেছেন। গত ২২ সেপ্টেম্বর ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতার এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান তিনি। এছাড়া ২১ সেপ্টেম্বর কংমালা পাস, ১ অক্টোবর চোলা পাস এবং ৬ অক্টোবর রেনজোলা পাস অতিক্রম করেন।


















