রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও পর্যটনবিষয়ক সদস্য শাশ্বত চাকমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে পর্যটন উদ্যোক্তাদের সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব রাঙামাটি (টোয়ার)।
সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা পরিষদ কার্যালয়ে টোয়ারের প্রতিনিধি দল এ সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাঙামাটি পার্বত্য জেলার পর্যটনের বিভিন্ন খাত নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রাঙামাটির পর্যটনকে আরও সমৃদ্ধ ও টেকসই ব্যবস্থাপনার আওতায় উন্নীত করার বিষয়েও আলোচনা হয়।
সাক্ষাতে জেলা পরিষদের চেয়ারম্যান ও পর্যটনবিষয়ক সদস্য টোয়ারের সার্বিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে টোয়ারকে সঙ্গে নিয়ে রাঙামাটির পর্যটন খাতের উন্নয়নে কাজ করার আগ্রহের কথা জানান তারা।
এ সময় টোয়ারের সভাপতি মোহাম্মদ বাদশা ফয়সাল, সিনিয়র সহসভাপতি কিল্লল চাকমাসহ সংগঠনের প্রশিক্ষিত ট্যুর গাইডরা উপস্থিত ছিলেন। পরে টোয়ারের পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যান ও পর্যটনবিষয়ক সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক সম্মাননা প্রদান করা হয়।
রাঙামাটির পর্যটন উদ্যোক্তাদের সমন্বয়ে ২০২৪ সালের ২৩ জুন Tour Operators Association Rangamati (TOAR) আত্মপ্রকাশ করে। এরপর থেকে সংগঠনটি রাঙামাটি জেলার পর্যটন শিল্পের বিকাশে কাজ করে যাচ্ছে।


















