খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়িতে তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর ) সকাল ১১:৩০ ঘটিকায় মহালছড়ি জোনের আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রিয়াদ হোসেন।
এ সময় কোর্স প্রশিক্ষক সার্জেন্ট মোহাম্মদ আলী সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে সনদ হাতে পেয়ে প্রশিক্ষণার্থীরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে কম্পিউটার পরিচালনা ও তথ্যপ্রযুক্তি বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ হয়েছে, যা ভবিষ্যতে শিক্ষা, চাকরি ও আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।
স্থানীয় পর্যায়ে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তরুণ প্রজন্মকে আধুনিক এবং কর্মমুখী শিক্ষায় উৎসাহিত করতে মহালছড়ি জোনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পাহাড়ি জনপদের শিক্ষিত ও সম্ভাবনাময় তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


















