খাগড়াছড়ির মহালছড়িতে স্থানীয় নারীদের প্রাথমিক মাতৃস্বাস্থ্যসেবা ও নিরাপদ প্রসব বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় মহালছড়ি জোনের আওতাধীন জংলী টিলা আর্মি ক্যাম্পের ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মীর্জা সাইফুল্লাহ্ খালিদ এবং মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন আজিমুর রহমান। এ সময় মহালছড়ি জোনের পক্ষ থেকে প্রশিক্ষণ সম্পন্নকারী ১৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়।
এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ধাত্রীবিদ্যা ও প্রাথমিক মাতৃস্বাস্থ্যসেবা বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছেন। পাশাপাশি প্রশিক্ষণ-পরবর্তী সময়ে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজ নিজ এলাকায় মা ও নবজাতকের প্রাথমিক স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।
স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং দুর্গম এলাকার সাধারণ মানুষের কাছে প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মহালছড়ি জোনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


















