দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, এমপি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মাইসছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। শনিবার (১১ জুলাই) তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা প্রদান করেন।
সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মহালছড়ির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে মাইসছড়ি ইউনিয়নের নিম্নাঞ্চলগুলোতে বসতবাড়ি, সড়ক যোগাযোগ ব্যবস্থা ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার এখনো পানিবন্দি ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সরেজমিনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা প্রদান এবং পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে একা ফেলে রাখা হবে না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং পার্বত্য অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব), খাগড়াছড়ি জেলা প্রশাসক, পুলিশ সুপার, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং স্থানীয় প্রশাসনকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, চলমান ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে মহালছড়ির বিভিন্ন এলাকায় জনদুর্ভোগ এখনো অব্যাহত রয়েছে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও টেকসই অবকাঠামো উন্নয়নের দাবি জানান।
উল্লেখ্য, গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার মতো মহালছড়িতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যে প্রশাসন, সেনাবাহিনী, বিএনপি ও সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবীরা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।


















