জলাতঙ্ক রোগের ঝুঁকি প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় রাঙামাটির কাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।
উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় এ টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। রোববার (১৫ নভেম্বর) কাপ্তাই উপজেলা সদরে প্রায় ১০টি বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাটবাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় স্বেচ্ছাসেবীদের মাধ্যমে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড: মো: এনামুল হক হাজারী জানান, জলাতঙ্ক একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। আক্রান্ত কুকুর, বিড়ালসহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর কামড় বা আঁচড়ের মাধ্যমে এ রোগ মানুষের শরীরে ছড়াতে পারে। সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে রোগটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে। তাই কুকুরের মধ্যে জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রাণীর পাশাপাশি মানুষের স্বাস্থ্যঝুঁকিও কমানো সম্ভব হবে।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের সহযোগিতা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড: মো: এনামুল হক হাজারী, ভেটেরিনারি সার্জন ডা. মো. রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, রূপসী কাপ্তাইয়ের সম্পাদক কাজী মোশাররফ হোসেন এবং প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও কাপ্তাই সংবাদের সম্পাদক চৌধুরী রিপন।

















