‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে আধুনিক মসলা চাষাবাদে দক্ষতা বাড়াতে ৩০ জন কৃষক-কৃষাণীকে নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সভাকক্ষে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের’ আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরে আয়োজিত এ প্রশিক্ষণ আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) শেষ হবে।
প্রশিক্ষণে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান। এছাড়া প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহমেদসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
কর্মশালায় অংশ নেওয়া ৩০ জন কৃষক-কৃষাণীকে মসলা জাতীয় ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত জাত নির্বাচন, রোগবালাই ও পোকামাকড় দমন এবং ফলন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
কৃষি কর্মকর্তারা জানান, পাহাড়ি অঞ্চলের মাটি ও জলবায়ু মসলা চাষের জন্য বেশ সম্ভাবনাময়। পরিকল্পিত চাষাবাদ, উন্নত প্রযুক্তি ও মানসম্মত বীজ ব্যবহারের মাধ্যমে এ অঞ্চলে মসলা উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের আয় ও আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির সুযোগ রয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তিতে দক্ষ করে তোলাই মূল লক্ষ্য।

















