রাঙামাটির কাপ্তাইয়ে বিকাশের মাধ্যমে ৩৫ হাজার টাকা প্রতারণার অভিযোগে সুমন নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪১ বিজিবি)। পরে তাকে কাপ্তাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশি তল্লাশিতে তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাপ্তাই শিল্প এলাকার বাসিন্দা সুমন কাপ্তাই নতুন বাজারের মানচিত্র মোবাইল টেলিকম নামের একটি বিকাশের দোকান থেকে ৩৫ হাজার টাকা লোড নেন। তবে ওই টাকার মূল্য পরিশোধ না করেই তিনি সেখান থেকে চলে যান। পরে দোকানদার দোকানের সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্তের ছবি সংগ্রহ করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে পাঠান।
এরপর কাপ্তাই ৪১ বিজিবির ওয়াগ্গা চেকপোস্টে ঢাকাগামী একটি গাড়িতে তল্লাশির সময় সিসিটিভি ফুটেজে পাওয়া ছবির সঙ্গে মিলিয়ে সুমনকে শনাক্ত করেন বিজিবি সদস্যরা। পরে তাকে আটক করে কাপ্তাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ হেফাজতে নেওয়ার পর তার শরীর তল্লাশি করে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এদিকে বিকাশের টাকা লেনদেনের বিষয়টি নিয়ে দোকানদার ও আটক যুবকের মধ্যে সমঝোতা হওয়ায় এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে গাঁজা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বিষয়টি নিশ্চিত করে জানান, বিকাশে টাকা লেনদেনের বিষয়টি দুই পক্ষের মধ্যে মীমাংসা হওয়ায় এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে আটক যুবকের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন এর আগেও জাল টাকার একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে ওই মামলায় তিনি জামিনে রয়েছেন।


















