ইউএনডিপি এর কারিগরি সহায়তায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত Biodiversity Ecosystem Restoration for Community Resilience in CHT প্রকল্পের আওতায় মহালছড়ি উপজেলায় উপজেলা পর্যায়ে জীববৈচিত্র্য ব্যবস্থাপনা ও তদারক কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান। প্রকল্পের সার্বিক তথ্য উপস্থাপন করেন উপজেলা ফ্যাসিলিটেটর নকুল ত্রিপুরার। আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান কে সভাপতিও বন কর্মকর্তা মোঃ আশরাফুল আলমকে সদস্য সচিব করে উপজেলা পর্যায়ে ২৫ সদস্য বিশিষ্ট মহালছড়ি উপজেলা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা ও তদারক কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের জীব বৈচিত্র্য রক্ষা, বনজ সম্পদ সংরক্ষণ, পরিবেশগত ভারসাম্য বজায় রাখা এবং স্থানীয় ঐতিহ্যগত ইকোসিস্টেমকে টেকসইভাবে পুনরুদ্ধারের জন্য এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভা শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, এই কমিটি মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করলে মহালছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে।


















