“দক্ষতা উন্নয়ন, স্বাবলম্বী জীবন” — রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে জুরাছড়ি জোনের মেশিন মেরামত প্রশিক্ষণ শুরু।
পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে জুরাছড়ি জোন সদর (২ বীর)-এর উদ্যোগে স্থানীয় জনগোষ্ঠীর কারিগরি দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দুই সপ্তাহব্যাপী মেশিন মেরামত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
জুরাছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার পাহাড়ি ও বাঙালি সর্বমোট ২২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণকালে তাদের মেশিন ও যন্ত্রপাতির মৌলিক কার্যপ্রণালি, সাধারণ ত্রুটি শনাক্তকরণ, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ এবং ব্যবহারিক মেরামত কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের বাস্তবমুখী কারিগরি দক্ষতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে নিজস্ব কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে মেশিন মেরামত সেবা প্রদানে সক্ষম করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ কার্যক্রমটি ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
স্থানীয় জনগণের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আর্থ-সামাজিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে জুরাছড়ি জোন সদর (২ বীর)-এর এ ধরনের জনকল্যাণমূলক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















