খাগড়াছড়ি জেলার মহালছড়িতে চলমান জনদুর্ভোগ নিরসনে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) মহালছড়ি জোনের উদ্যোগে আয়োজিত এই সভায় স্থানীয় প্রশাসন, নিরাপত্তা বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি জোনের অধিনায়ক লেঃ কর্নেল আল জাবির আসিফ । সভার শুরুতে সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর এলাকার চলমান বিভিন্ন সমস্যার উপর বিস্তারিত আলোচনা করা হয়।
দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে মহালছড়ি ও মাইসছড়িতে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বলে সভায় উল্লেখ করা হয়। এ সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া দুইটি বাজারে ময়লা-আবর্জনা অপসারণে যথাযথ ব্যবস্থাপনার অভাব নিয়েও আলোচনা হয়। বাজার এলাকার পরিবেশ উন্নয়নে নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।
অন্যদিকে বাজারের অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার, সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিভিন্ন অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।


















