খাগড়াছড়ির দীঘিনালায় ‘পরিকল্পিত বনায়ন গড়ি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সকালে ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ‘দি বেবি টাইগার্স’ দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসি-এর নির্দেশনায় স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির ২৬ হাজার ফলজ ও বনজ চারা বিতরণ করা হয় ।
এসময় দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ (পিএসসি) উপস্থিত থেকে এই চারা বিতরণ করেন।
সেনাবাহিনী জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, পাহাড়ের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জনগণকে বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। সবুজায়নের মাধ্যমে একটি পরিবেশবান্ধব এবং সবুজ উপজেলা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি মানুষের জীবন ও ভবিষ্যৎকেও নিরাপদ করে। তাই আমরা আজ দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকায় ২৬ হাজার ফলজ ও বনজ চারা বিতরণ করছি।
তিনি আরও বলেন, প্রত্যেকে যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করি, তবে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোনের ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী, কবাখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা, বোয়ালখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু চয়ন বিকাশ চাকমা ও অন্যান্য সেনাবাহিনীর সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চারা পেয়ে স্থানীয় উপকারভোগীরা দীঘিনালা জোনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সেনাবাহিনীর এমন পরিবেশবান্ধব কার্যক্রম এলাকার মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ বাড়াবে এবং সবুজায়ন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

















