খাগড়াছড়ির দীঘিনালায় মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।আজ রবিবার (১৯ জুলাই) সকালে ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ‘দি বেবী টাইগার্স’ দীঘিনালা জোনের উদ্যোগে উপজেলার মেরু ইউনিয়নের ৪ নম্বর টাওয়ার টিলা এলাকার দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসা ও এতিমখানায় বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি উপস্থিত থেকে ২৫০ জন শিক্ষার্থীদের জন্য খেজুর, চিড়া, বিস্কুট, মুড়িসহ বিভিন্ন ধরনের শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ৪০০টি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
দীঘিনালা জোন জানায়, দেশের নিরাপত্তা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















