রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নে অবস্থিত শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় পিডিপি-৪-এর আওতায় বিদ্যালয়ের ভবন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে ইউএনও অভি দাশ শিক্ষকদের শিক্ষার্থীদের যথাযথভাবে পাঠদানের নির্দেশনা দেন। পাশাপাশি শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা জানতে চান। এ সময় বিদ্যালয়ে যাতায়াতের সমস্যা তুলে ধরে সড়কে ইট সোলিং করার দাবি জানান সংশ্লিষ্টরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি মো. রেজাউল করিম রনি, উপজেলা প্রকৌশলী মো. আমজাদ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা, সার্ভেয়ার শাহীন হোসেন এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য ভুবনজয় চাকমাসহ অনেকে।


















