পাহাড়ের প্রত্যন্ত জনপদে আত্মকর্মসংস্থান ও বিকল্প আয়ের সুযোগ সৃষ্টিতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর জুরাছড়ি জোন। এরই অংশ হিসেবে রাঙামাটির জুরাছড়িতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ করা হয়েছে।
গত ১৮ নভেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণে অংশ নেন ৩০ জন। তাঁদের মধ্যে ২৪ জন পাহাড়ি ও ৬ জন বাঙালি। অংশগ্রহণকারীদের ২১ জনই নারী।

জুরাছড়ি উপজেলা হলরুমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করেন যক্ষাবাজার ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফাহিম আল হোসাইন। প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেজওয়ানুল ইসলাম।
প্রশিক্ষণে পশুপাখি পালনের আধুনিক পদ্ধতি, খাদ্য ও পরিচর্যা, রোগ প্রতিরোধ, টিকাদান, প্রাথমিক চিকিৎসা এবং খামার ব্যবস্থাপনার ব্যবহারিক দিক তুলে ধরা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয়দের দক্ষতা বাড়ার পাশাপাশি স্বল্প পুঁজিতে খামার গড়ে তুলে পারিবারিক আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে। বিশেষ করে নারীদের অংশগ্রহণ পাহাড়ের পরিবারগুলোতে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে নতুন সম্ভাবনা তৈরি করেছে।


















