প্রকৃত প্রয়োজন অনুসারে স্মার্ট ও ন্যায্য ফুয়েল বরাদ্দ, জ্বালানি বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিতকরণে পার্বত্য জেলা রাঙামাটিতে চালু করা হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড (FUEL TRACK BD)। জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে এবং ফুয়েল পাম্প মালিকদের সহযোগিতায় এই ডিজিটাল প্ল্যাটফর্মটি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে প্যানিক বায়িং, মজুতদারি ও কালোবাজারি সম্পূর্ণরূপে প্রতিরোধ করে প্রকৃত ভোক্তাদের মাঝে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
মূলত ডিজিটাল ফুয়েল (FUEL TRACK BD) কার্ড একটি সম্পূর্ণ ডিজিটাল, রিয়েল-টাইম ট্র্যাকিংভিত্তিক প্ল্যাটফর্ম। এতে স্মার্টঅ্যালোকেশন, স্বচ্ছ লেনদেন ও কার্যকর তদারকির মাধ্যমে জ্বালানি বিতরণ ব্যবস্থাপনা করা সম্ভব হবে। ভোক্তা, ফুয়েল স্টেশন ও প্রশাসন একই প্ল্যাটফর্মে যুক্ত থাকায় অপচয় রোধ, অপ্রয়োজনীয় ভিড় এড়ানো এবং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা অনেকটাই সহজ হবে।
কীভাবে কাজ করবে ডিজিটাল ফুয়েল কার্ড?
আবেদনকারী www.fueltrackbd.com ওয়েবসাইটে গিয়ে নাম, মোবাইল নম্বর, এনআইডি নম্বর ও গাড়ির রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলেই স্ক্রিনে কিউআর কোডসহ ডিজিটাল ফুয়েল কার্ড প্রদর্শিত হবে। গ্রাহক এটি মোবাইলে সংরক্ষণ কিংবা প্রিন্ট করে রাখতে পারবেন।
নিবন্ধিত গ্রাহক যেকোনো সময় এনআইডি দিয়ে নিজের কার্ড দেখতে পারবেন। ফুয়েল পাম্পে জ্বালানি গ্রহণের সময় পাম্প কর্তৃপক্ষ কিউআর কোড স্ক্যান করলে গ্রাহকের পূর্ববর্তী লেনদেনের পরিমাণ ও সময়সহ সব তথ্য দেখা যাবে। নতুন জ্বালানি প্রদানের পর তাৎক্ষণিকভাবে ডিজিটাল রেকর্ড আপডেট হয়ে যাবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি ব্যবস্থাপনায় একটি কার্যকর ও আধুনিক পরিবর্তন আসবে। একইসঙ্গে অপচয় রোধ করে জাতীয় সম্পদের সুষম ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। তাই সকল যানবাহনের মালিক ও চালকদের দ্রুত এই প্ল্যাটফর্মে নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে, যাতে জ্বালানি বিতরণে শৃঙ্খলা বজায় রেখে সবার জন্য ন্যায্যতা নিশ্চিত করা যায়।


















