করলিয়া প্রকল্পে বদলে যাচ্ছে ওয়াগ্গা দক্ষিণ দেবতাছড়ির ৮০ পরিবারের জীবন: বিশুদ্ধ পানির সুবিধার পাশাপাশি হাঁস-মুরগি পালন ও সবজি চাষে বাড়ছে স্বাবলম্বিতা
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডের বাসিন্দা মৌমিতা তনচংগ্যা ও সন্তোষ তনচংগ্যা। তাঁরা বলেন, আমাদের পাড়ায় ৮০ টি তনচংগ্যা পরিবারের বসবাস। পাড়ায় বিশুদ্ধ পানির সংকট ছিল। আমরা ছড়া এবং কুয়ার পানি খেতাম। যার ফলে আমাদের অসুখ লেগে থাকতো। বর্তমানে রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নে কানাডা সরকারের অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় এবং ইউএনডিপির সহযোগিতায় “স্থানীয় নেতৃত্বে অর্ন্তভূক্তিমূলক অভিযোজনের মাধ্যমে জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি” সংক্ষেপে করলিয়া প্রকল্পের অধীনে ২০২৫ সালে সৌরশক্তির সাহায্যে গভীর নলকুপ স্থাপন করা হয়েছে। যার ফলে ৮০ টি পরিবার এখন ঘরের আঙ্গিনায় বিশুদ্ধ পানির যোগান পাচ্ছে, এলাকায় এখন পানির সংকট রইলো না।
ঐ এলাকার বাসিন্দা কনিকা তনচংগ্যা এবং সপ্ত রানী তনচংগ্যা বলেন, করলিয়া প্রজেক্টের মাধ্যমে আমাদের নগদ অর্থ দিয়েছেন, যা দিয়ে আমরা হাসঁ মুরগী পালন এবং ঘরের আঙ্গিনায় সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছি। আমাদের দীর্ঘ দিনের বিশুদ্ধ পানির সংকট দূরীভুত হয়েছে। এছাড়া তাঁরা আমাদেরকে ভার্মি কম্পোস্ট( কেঁচো সার) এবং খামারজাত সার তৈরী এর ব্যবহার শিখিয়েছেন। যার ফলে আমরা নিজেদের তৈরি ভার্মি কম্পোস্ট ও খামারজাত সার ব্যবহার করে সবজি উৎপাদন করতে পারছি।
এদিকে বুধবার (২০ মে) সকাল ১১ টায় করলিয়া প্রজেক্টের অধীন সুবিধাভোগী কাউখালি উপজেলার ঘাগড়া এবং কলমপতি ইউনিয়ন এর উপকারভোগীদের নিয়ে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর দক্ষিণ দেবতাছড়িতে বাস্তবায়নাধীন বিশুদ্ধ পানির প্রকল্প, ভার্মি কম্পোস্ট সার উৎপাদন প্রকল্প,খামারজাত প্রকল্প এবং মুরগি ডিম পাড়ার জন্য হাজল প্রকল্প পরিদর্শন করেন। এসময়
কাউখালি উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন,করলিয়া প্রকল্পের মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অফিসার গ্যাব্রিয়েল পাংখোয়া, কাপ্তাই উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা, কলমপতি ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান স্মৃতি দেবী চাকমা, ইউএনডিপির প্রতিনিধি চম্পা চাকমা, কাউখালি উপজেলা কৃষি বিভাগের উপ সহকারী কৃষি অফিসার শংকর তালুকদার সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা এবং দক্ষিণ দেবতাছড়ির উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
করলিয়া প্রকল্পের মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অফিসার গ্যাব্রিয়েল পাংখোয়া বলেন, করলিয়া প্রকল্পের মাধ্যমে সোলারের মাধ্যমে ডিপ টিউবওয়েল হতে কাপ্তাই উপজেলার দক্ষিণ দেবতাছড়ির ৮০টি পরিবারের বিশুদ্ধ পানি পেয়ে আসছেন। এছাড়া আমরা ৭৫ টি পরিবারকে প্রশিক্ষন দিয়ে এবং তাদের প্রত্যেককে সাড়ে ৪ হাজার টাকা প্রদান করেছি। এই ৭৫ টি পরিবার হাঁস মুরগী পালন এবং সবজি উৎপাদন এর মাধ্যমে কিছুটা হলেও স্বাবলম্বী হয়ে উঠেছে।
৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা বলেন, এই প্রকল্পের মাধ্যমে এলাকার বিশুদ্ধ পানির সংকট দূরীভূত হয়েছে এবং এলাকাবাসী হাঁস মুরগী পালন করে স্বাবলম্বী হয়েছেন।
এদিকে প্রকল্প পরিদর্শন শেষে দক্ষিণ দেবতাছড়ি সমাজ ঘরে প্রকল্প বিষয়ে এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।


















