রাঙামাটির কাপ্তাই উপজেলায় ফ্যামিলি কার্ডের জন্য পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে এ কার্যক্রম শুরু হবে। এ জন্য উপজেলায় ১৪ জন তথ্য সংগ্রহকারী ও একজন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ কিন্নরীতে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে অবহিত করতে আয়োজিত প্রেস কনফারেন্সে এসব তথ্য জানানো হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান ও সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।
বক্তারা জানান, পর্যায়ক্রমে কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে বিশেষায়িত ট্যাবের মাধ্যমে পরিবারের আর্থসামাজিক তথ্য সংগ্রহ করে অনলাইন ডেটাবেইজে সংরক্ষণ করবেন।
সরকারের এ কর্মসূচির লক্ষ্য নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। নীতিমালা অনুযায়ী, সব নারী পরিবারপ্রধান ফ্যামিলি কার্ড পাবেন। তবে আর্থসামাজিক অবস্থার ভিত্তিতে নির্ধারিত প্রথম তিনটি শ্রেণির যোগ্য নারী পরিবারপ্রধান ভাতা পাবেন।


















