দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সারা দেশের চা-বাগানগুলোতে ভোটাধিকার প্রয়োগ করেছেন শ্রমিক প্রতিনিধিরা।
শনিবার (২৮ নভেম্বর) দেশের পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা-বাগানে একযোগে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া চা-বাগান কেন্দ্রেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
কাপ্তাইয়ের ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ওয়াগ্গাছড়া চা-বাগান শ্রমিক কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এ কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২৬ জন। তাঁদের মধ্যে ১২ জন পুরুষ ও ১৪ জন নারী ভোটার।
কেন্দ্রে গণনা শেষে পাওয়া ফলাফল অনুযায়ী, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি পদে কাপ-পিরিচ প্রতীকে রাজু গোয়ালা সর্বোচ্চ ২৩ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের পঙ্কজ কন্দ পেয়েছেন ১ ভোট। এ পদে ২টি ভোট বাতিল হয়েছে।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে নিপেন পাল পেয়েছেন ১৯ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের সুরেশ কর্মকার পেয়েছেন ৩ ভোট এবং হরিণ প্রতীকের পরেশ কালিন্দী পেয়েছেন ১ ভোট। এ পদে বাতিল হয়েছে ৩টি ভোট।
অন্যদিকে, চট্টগ্রাম ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি পদে আম প্রতীকে প্রদীপ পেয়েছেন ২১ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী টেলিফোন প্রতীকের যতন কর্মকার পেয়েছেন ৩ ভোট। তালাচাবি প্রতীকের সৌমেন মাদ্রাজি কোনো ভোট পাননি। এ পদে ২টি ভোট বাতিল হয়েছে।
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন কাপ্তাই উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. ফজলে রাব্বি মজুমদার। পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা ভূমি কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. তাজুল ইসলাম। সহকারী পোলিং কর্মকর্তা ছিলেন উপজেলা ডিজিটাল সেন্টারের আইসিটি টেকনিশিয়ান মো. মহিউদ্দিন নোমান। এ ছাড়া প্রিসাইডিং কর্মকর্তার অনুপস্থিতিতে বিকল্প দায়িত্ব পালনের জন্য উপজেলা তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনকে পোলিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নির্বাচনে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ভোটগ্রহণ চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ, ভ্যালি কার্যকরী পরিষদ এবং বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটির প্রতিনিধি নির্বাচনে চা-শ্রমিকরা অংশ নেন। দেশের পাঁচ জেলার ২৩০টি চা-বাগানে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


















