‘আমিষেই মুক্তি, আমিষেই শক্তি’ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মহালছড়িতে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় সরকারি-বেসরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় মহালছড়ি উপজেলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মিসকাতুল তামান্না, উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক, মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা সহ মৎসচাষী, স্থানীয় প্রতিনিধি ও সাংবাদিকগণ।
কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় মৎস্যচাষিদের মাঝে মাছের পোনা হস্তান্তর করা হয়। পরে উপজেলার জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন উপস্থিত অতিথিরা।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, স্থানীয় মৎস্যসম্পদের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য প্রাণিজ আমিষের সহজলভ্যতা নিশ্চিত করার প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি মাছ চাষে স্থানীয় মৎস্যচাষিদের উৎসাহিত করা এবং জলজ সম্পদের সুষ্ঠু ব্যবহারে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


















