খাগড়াছড়ি মহালছড়িতে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের স্বাবলম্বিতা নিশ্চিত করতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন।
পরিবারের আর্থিক সংকট কাটিয়ে স্বনির্ভর হওয়ার সুযোগ করে দিতে উপজেলার নতুন পাড়া গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের মেয়ে এবং মহালছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আরবি আক্তার এবং মগপাড়া এলাকার মংহলাগ্য মারমার স্ত্রী হালাম্রা মারমার হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে।
মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জাবির-আল আসিফ, পিএসসি-এর উদ্যোগে জোনের পক্ষ থেকে তাদের এ সহায়তা প্রদান করা হয়।
সেলাই মেশিন পেয়ে দুই পরিবারের সদস্যরা জানান, এই সহায়তা তাদের জন্য শুধু একটি মেশিন নয়—এটি নিজেদের পায়ে দাঁড়ানোর একটি নতুন সুযোগ। সেলাইয়ের কাজ করে তারা আয় করতে পারবেন এবং পরিবারের দৈনন্দিন ব্যয় মেটানোর পাশাপাশি ভবিষ্যতে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবেন।
বিশেষ করে নবম শ্রেণির শিক্ষার্থী আরবি আক্তারের পরিবারের জন্য এ উদ্যোগটি গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি পরিবারের আর্থিক সহযোগিতায় ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে তার। অন্যদিকে হালাম্রা মারমার পরিবারেও সেলাই মেশিনটি বাড়তি আয়ের পথ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
মহালছড়ি জোনের এ উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে। দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সময় শিক্ষা, চিকিৎসা, মানবিক সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে যে ভূমিকা রাখছে, সেলাই মেশিন বিতরণের এ উদ্যোগ তারই একটি উদাহরণ।
স্থানীয়রা বলেন, তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি মানুষকে কর্মক্ষম করে স্বাবলম্বী করে তোলার উদ্যোগই একটি পরিবারের জন্য দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে পারে। মহালছড়ি জোনের এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমন প্রত্যাশা স্থানীয়দের।


















