রাঙামাটির কাপ্তাইয়ে স্থানীয় শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে ৬৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেছে কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর ১১ আর ই ব্যাটালিয়ন।
মঙ্গলবার (৩ নভেম্বর) গবাগনা আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার জগন্নাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
১১ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ, পিএসসির তত্ত্বাবধানে কর্মসূচিটি পরিচালনা করেন আরই-২ কোম্পানির রেকি অফিসার লেফটেন্যান্ট মো. মিরাজুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের ৬৫ জন স্থানীয় শিক্ষার্থীর হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা সবাই চাকমা সম্প্রদায়ের।
শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনকে আরও উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
১১ আর ই ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ জানান, স্থানীয় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদান এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও শিক্ষা সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


















