প্লাস্টিক দূষণ রোধ ও বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে রাঙামাটি সরকারি কলেজে “বোতলের বিনিময়ে গাছ বিতরণ” কর্মসূচি আয়োজন করেছে বিডি ক্লিন রাঙামাটি টিম।
রোববার (২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ কর্মসূচিতে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল জমা দিয়ে একটি করে গাছের চারা সংগ্রহ করেন অংশগ্রহণকারীরা। একই সঙ্গে প্লাস্টিক বোতল দিয়ে তৈরি বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ মো. নাসিমুল হক, উপাধ্যক্ষ মো. মনোয়ার কবীর এবং শিক্ষক পরিষদের সম্পাদক অনির্বাণ বড়ুয়া।
বিডি ক্লিন রাঙামাটি জেলার সমন্বয়কারী মো. সাইমুন ইসলাম বলেন, প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা তৈরি এবং পরিবেশ সংরক্ষণে মানুষকে উদ্বুদ্ধ করতেই এ আয়োজন। পরিত্যক্ত বোতলের বিনিময়ে চারা বিতরণের পাশাপাশি প্লাস্টিকের কারণে পরিবেশের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে সচেতনতা তৈরির চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
কর্মসূচির শেষ পর্যায়ে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষার শপথ নেন। চারা সংগ্রহের মধ্য দিয়ে তারা সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


















