খাগড়াছড়ির মহালছড়িতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে ঝটিকা মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি। একই সময়ে উপজেলার মাইসছড়ি ইউনিয়ন বিএনপি ও পৃথক ঝটিকা মিছিল বের করে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেলে মহালছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়। পরে মিছিলটি মহালছড়ি বাজার প্রদক্ষিণ করে আবাসিক স্কুল এলাকা ঘুরে কলাবাজার হয়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে ও সভাপতিত্বে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, মহালছড়ি উপজেলায় আওয়ামী ফ্যাসিবাদী শক্তি যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকতে হবে। একই সঙ্গে উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
অন্যদিকে, একই সময়ে উপজেলার মাইসছড়ি ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ জহিরুল হকের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে পৃথক একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আজিজ মিয়া।
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পৃথক এসব কর্মসূচির মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিক অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি তুলে ধরেন বিএনপির নেতাকর্মীরা।


















