রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসদৃশ ট্যাবলেটসহ মো. হাবিবুল ইসলাম মামুন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাইখালী বাজারে ঝিনু আচার্য্যের চায়ের দোকানের সামনে চেকপোস্ট বসিয়ে পুলিশ এ অভিযান চালায় বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি এস এম সাকের আহমেদ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা থানা পুলিশের এসআই রুপম চন্দ্র সেন সঙ্গীয় পুলিশ এর একটি দল রাইখালী বাজার এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় কাজীরপাড়া টেকের মোড় হতে রাইখালী বাজারের দিকে মোটরসাইকেল নিয়ে আসা এক যুবকের দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেটে থাকা কালো পলিথিনে মোড়ানো ১১ পিস গোলাপি রঙের ইয়াবাসদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ৩ হাজার ৩০০ টাকা। এ ছাড়া চট্ট-মেট্রো-ল-১৫-০১৮৯ নম্বরের কালো রঙের পালসার মোটরসাইকেলটি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।
এজাহার সূত্রে আরও জানা যায়, আটক মামুন জিজ্ঞাসাবাদে তাঁর সঙ্গে থাকা পালিয়ে যাওয়া ব্যক্তির নাম মোজাহেরুল ইসলাম (৪৩) বলে জানান। তাঁর বাড়ি চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের দক্ষিণ কোদালা এলাকায়। সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় খুচরা বিক্রির উদ্দেশ্যে তাঁরা যাচ্ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় আটক মো. হাবিবুল ইসলাম মামুন ও পলাতক মোজাহেরুল ইসলামকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। গ্রেপ্তার আসামিকে শনিবার (১৪ নভেম্বর) রাঙামাটি আদালতে পাঠানো হবে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


















