“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”—এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটিতে ‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’-এর দুই যুগ পূর্তি উপলক্ষে রাঙ্গামাটিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ) সকাল ১০টায় রাঙ্গামাটির হেপির মোড় এলাকা থেকে এক র্যালী শুরু হয়। পরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
‘সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি এডভোকেট দীন নাথ তংচংগ্যার সভাপতিত্বে সুজনের রাঙ্গামাটি পৌর কমিটির সম্পাদক এডভোকেট ককসি তালুকদারের সঞ্চলনায় এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গুনেন্দু চাকমা, রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারন সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, সুজন’র রাঙ্গামাটি জেলা কমিটির সম্পাদক এম জিসান বকতেয়ার,সহ-সভাপতি সুকুমার বড়ুয়া, সুজন রাঙ্গামাটি জেলা কমিটির সদস্য ইন্দ্র দত্ত তালুকদার, রাঙ্গামাটি পৌর কমিটির সভাপতি কাজী মঈনুল হোসেন, রাঙ্গামাটি সদর উপজেলার সম্পাদক এডভোকেট জামাল হোসেন, সুজনবন্ধরু জেলা কমিটির সভাপতি সুজন বড়ুয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন ,একটি অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক-শোষণমুক্ত-আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লক্ষ লক্ষ শহীদের আত্মদানসহ অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হলেও স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্মের পঞ্চান্ন বছর পেরিয়ে গেলেও আজও আমাদের সেই স্বপ্ন অধরাই রয়ে গিয়েছে। বরং মাঝে মাঝেই জাতি হিসেবে আমরা লক্ষ্যভ্রষ্ট হয়েছি এবং সেই ভুলের মাসুল দিয়েছি।
আলোচনা সভায় বক্তারা খুন, ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতামুক্ত একটি মানবিক সমাজ গঠনের জোর দাবি জানান। পাশাপাশি তারা দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতামুক্ত জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা বলেন, একটি সুস্থ ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণে সাধারণ মানুষকে আরও সচেতন, সংগঠিত এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া প্রকৃত সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
অনুষ্ঠানে সুজন রাঙ্গামাটি জেলা কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


















