রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে দিনব্যাপী স্কাউট ডে-ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কাব স্কাউট, স্কাউটার, শিক্ষক ও প্রশিক্ষকরা অংশ নেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার বরইছড়ি কর্ণফুলী নূরুলহুদা কাদেরী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে এ ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন কাব স্কাউট এবং ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ জন স্কাউটার অংশগ্রহণ করেন। এ ছাড়া ১০ জন কাব শিক্ষক, ১০ জন ইউনিট লিডার ও ১০ জন প্রশিক্ষক এতে অংশ নেন।
জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই উপজেলা শাখার সভাপতি মো. রায়হানুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, স্কাউটিং একজন শিক্ষার্থীকে সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। দেশ ও জনগণের কল্যাণে এবং যেকোনো দুর্যোগে স্কাউটরা সবসময় এগিয়ে আসে। তাই শিক্ষার্থীদের মধ্যে স্কাউটিংয়ের চর্চা আরও বাড়াতে হবে।
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সহসভাপতি সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, বাংলাদেশ স্কাউটস কাপ্তাই উপজেলা শাখার সহসভাপতি খোরশেদুল আলম কাদেরী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার, বড়ইছড়ি কর্ণফুলী নূরুলহুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া এবং উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার ও সাংবাদিক কাজী মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাপ্তাই উপজেলা স্কাউটসের কমিশনার ও কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু।
বাংলাদেশ স্কাউটস কাপ্তাই উপজেলা শাখার সম্পাদক এ বি এস সিরাজ আহমেদ চৌধুরী (উডব্যাজার) ও যুগ্ম সম্পাদক ফেরদৌস আক্তার (সিএলটি) অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
দিনব্যাপী ক্যাম্পে স্কাউটদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা স্কাউটসের কমিশনার মাহাবুব হাসান বাবু (উডব্যাজার), সম্পাদক সিরাজ আহমেদ চৌধুরী (উডব্যাজার), সহকারী লিডার ট্রেইনার লিটন চন্দ্র দে, ফেরদৌস আক্তার (সিএএলটি), উপজেলা স্কাউট লিডার কল্যাণ বিকাশ তনচংগ্যা, মাহাবুব ইলাহী (স্কিল কোর্স সম্পন্নকারী), গার্লস ইন স্কাউট লিডার উমেচিং মারমা প্রমুখ।
আয়োজকরা জানান, স্কাউটদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি তাদের সেবামূলক কর্মকাণ্ডে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।


















