“সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের মধ্যে সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়িতে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, মহালছড়ির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহজাহান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম বকুল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অতীশ চাকমা এবং সাধারণ সম্পাদক সুকান্ত বড়ুয়া,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিপলু রাখাইন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মহালছড়ি সরকারি কলেজের শিক্ষক একেএম আসাদুজ্জামান, কুজেন্দ্র মল্লিকা কলেজের একজন শিক্ষক এবং গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
প্রতিযোগিতায় মহালছড়ি উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো—মাইসছড়ি উচ্চ বিদ্যালয়, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়, এপিবিএন স্কুল অ্যান্ড কলেজ, মহালছড়ি এবং মাইসছড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মাইসছড়ি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও দেশ গঠনে শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের চর্চা গড়ে তুলতে হবে। শুধু আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়; এ জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা এবং ব্যক্তিগত পর্যায়ে সততার অনুশীলন। বিতর্ক প্রতিযোগিতার মতো আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও নৈতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


















