রাঙামাটির বাঘাইছড়িতে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে সকল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহমেদ এবং কাচালং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর কামাল হোসেন। এ সময় বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যিক ও সাংস্কৃতিক অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার কবি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে ঐক্য, শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে তিনি তাঁর সাহিত্য ও সংগীতকে ব্যবহার করেছেন।
বক্তারা আরও বলেন, কাজী নজরুল ইসলাম হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ অনুসরণ করতেন। রাসূল (সা.) এর জীবনী থেকে শিক্ষা ও অনুপ্রেরণা নিয়ে তিনি তাঁর সাহিত্যকর্মে তা তুলে ধরেছেন এবং লেখনীর মাধ্যমে এসব জ্ঞান ও আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন।
তাঁরা আরও বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অন্যায়, অবিচার, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে তাঁর লেখনীর মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন এবং সাহসিকতার পরিচয় দিয়েছেন। বিগত সরকারের সময়ে এমন একজন মহান কবিকে দেশের মানুষের স্মৃতি ও চর্চা থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছিল। তবে তাঁর সাহিত্য ও অবদানের যথাযথ স্বীকৃতি দিতে বর্তমান সরকার পুনরায় ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে। তাঁর সাহিত্যকর্ম ও জীবনাদর্শের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


















