পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জনসাধারণের কল্যাণে শান্তি ও উন্নয়ন প্রকল্পের আওতায় কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে ‘এসি ও ফ্রিজ মেরামত প্রশিক্ষণ-২০২৬’ শুরু হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে আগামী ১ অক্টোবর পর্যন্ত। দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে স্থানীয় ২৩ জন যুবক-যুবতী অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণের মূল লক্ষ্য স্থানীয় যুবসমাজকে আধুনিক কারিগরি দক্ষতায় দক্ষ করে গড়ে তোলা এবং তাঁদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। প্রশিক্ষণে এসি ও ফ্রিজের বিভিন্ন যন্ত্রাংশের পরিচিতি, বৈদ্যুতিক সংযোগ, কম্প্রেসর, কনডেনসার, ইভাপোরেটর, থার্মোস্ট্যাট ও রেফ্রিজারেন্ট ব্যবস্থাপনা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।
এ ছাড়া গ্যাস চার্জিং, গ্যাস লিকেজ শনাক্তকরণ, সার্ভিসিং, ত্রুটি নির্ণয় ও মেরামতসহ এসি ও ফ্রিজ রক্ষণাবেক্ষণের বিভিন্ন বিষয় হাতে-কলমে শেখানো হবে।
১১ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় বেকার যুবকদের কারিগরি জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বাড়ানোর পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজ উদ্যোগে এসি ও ফ্রিজ মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
ব্যাটালিয়নের পক্ষ থেকে আরও জানানো হয়, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম স্থানীয় জনগোষ্ঠীর কারিগরি দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে ভূমিকা রাখবে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।


















