এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তির সুযোগ পেলেও অর্থের অভাবে অনিশ্চয়তায় পড়েছিল সুনীতা মারমার উচ্চশিক্ষার স্বপ্ন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে ভর্তি ফি, বইপত্র ও প্রয়োজনীয় শিক্ষা-সংক্রান্ত ব্যয় বহন করা যখন কঠিন হয়ে পড়ে, তখন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন। আর্থিক অসচ্ছলতার বিষয় জানতে পেরে তার উচ্চ শিক্ষা জীবন অব্যাহত রাখতে সুনীতা মারমাকে কলেজে ভর্তি ও শিক্ষা-সংক্রান্ত ব্যয় নির্বাহের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সুনীতা মারমা খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। কালা মারমার মেয়ে। এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি মহালছড়ি সরকারি কলেজে ভর্তির সুযোগ পান। তবে পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় কলেজে ভর্তি, বইপত্র কেনা এবং অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা ব্যয় নিয়ে দুশ্চিন্তায় পড়ে তার পরিবার।
সহায়তা পেয়ে সুনীতা মারমার কলেজে ভর্তি ও প্রাথমিক শিক্ষা ব্যয়ের বাধা অনেকটাই দূর হয়েছে। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেকে একজন যোগ্য ও প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সংশ্লিষ্টরা বলছেন, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ তাদের শিক্ষাজীবন অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মহালছড়ি জোনের পক্ষ থেকে শিক্ষা ও মানবিক সহায়তার এমন উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসনীয় বলেও মনে করছেন অনেকে।


















