রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি এলাকায় সৌরশক্তিচালিত আধুনিক কোল্ড স্টোরেজ (হিমাগার) নির্মাণের উদ্যোগ নিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। এ লক্ষ্যে রোববার (২২ নভেম্বর) জেলা পরিষদ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের দপ্তরে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাইং শাইং ইউ কনস্ট্রাকশনের প্রতিনিধি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
কৃষিপণ্যের অপচয় রোধ ও ন্যায্যমূল্য নিশ্চিতের আশা
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাস্তবায়নাধীন ‘প্রোগ্রেস’ (ProGRESS) প্রকল্পের আওতায় ‘সোলার-বেজড কুলবট স্টোরেজ ইনস্টলেশন ইন রাঙামাটি’ উদ্যোগের অংশ হিসেবে এ হিমাগার নির্মাণ করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য শাশ্বত চাকমা ও সুবিমল চাকমা, পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন, প্রকল্প ফোকাল অরুনেন্দু ত্রিপুরা, প্রকল্প সমন্বয়কারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, সৌরশক্তিচালিত এ আধুনিক হিমাগার চালু হলে সাক্রাছড়ি ও আশপাশের এলাকার কৃষক ও গ্রামবাসীরা উৎপাদিত ফলমূল, শাকসবজিসহ বিভিন্ন পচনশীল কৃষিপণ্য সংরক্ষণের সুযোগ পাবেন। এতে মৌসুমি কৃষিপণ্যের অপচয় কমার পাশাপাশি কৃষক ও ব্যবসায়ীরা তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন এবং সুবিধাজনক সময়ে বাজারজাত করতে পারবেন।
তাঁরা আরও আশা প্রকাশ করেন, এ উদ্যোগের ফলে স্থানীয় পর্যায়ে নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) তৈরির নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। একই সঙ্গে কৃষি অর্থনীতিকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সৌরশক্তিচালিত এ কোল্ড স্টোরেজ।


















