‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ এবং ‘পরিষ্কার রাখি ঘরবাড়ি, ডেঙ্গুমুক্ত দেশ গড়ি’—এমন সচেতনতামূলক স্লোগান সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধ, স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণ ও পরিচ্ছন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশে গাছবাড়ীয়া সরকারি কলেজে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী ও অতিথিরা অংশ নেন।কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এমদাদ হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানী ও বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম. এ. গফুর। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান ও পরিবেশবাদী এম. এ. হাশেম রাজু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং সঞ্চালনা করেন প্রফেসর ড. সৌমেন বড়ুয়া এ সময় ছাত্র ছাত্রীসহ অনেকেই বক্তব্য রাখেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধে পরিবেশের ভারসাম্য রক্ষা, মশার প্রজননক্ষেত্র ধ্বংস এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্র পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথিও ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধ কেবল প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা জরুরি। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র কিংবা আশপাশের কোথাও যাতে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা, ডেঙ্গুর ভয়াবহতা ও ঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় সামাজিক অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজকদের প্রত্যাশা, শিক্ষার্থীদের মাধ্যমে এ সচেতনতার বার্তা পরিবার থেকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়বে।


















