বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ বলেছেন, ২০২৬ সালে দেশে চা উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি হবে। এ ক্ষেত্রে চা শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। তাঁদের শ্রম ও নিষ্ঠার কারণেই দেশের চা শিল্প এগিয়ে যাচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ২টায় রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া চা বাগান পরিদর্শনকালে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে চা বোর্ডের চেয়ারম্যান বাগানে চারা রোপণ করেন। পরে বাগান চত্বরে স্থানীয় পাহাড়ি ও বাঙালি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা পাহাড়ি ও বাঙালি সংস্কৃতির বৈচিত্র্যময় পরিবেশনা তুলে ধরেন। অনুষ্ঠান উপভোগ করে মুগ্ধতা প্রকাশ করেন চা বোর্ডের চেয়ারম্যান। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্ত ও মংচাই মারমা।
রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন এর সঞ্চালনায় এসময় চা বোর্ডের সদস্য ইয়াছিন পারভীন তিবরীজি, ওয়াগ্গাছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশীদ কাদেরী ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফুল হক চৌধুরী, চা বোর্ডের সচিব মোঃ আমিনুর রশীদ, চা বোর্ডের পরিচালক ডঃ. মোঃ ইসমাইল হোসেন, চা বোর্ডের উপ পরিচালক( পরিকল্পনা) সুমন সিকদার, ওয়াগ্গাছড়া চা বাগানের পরিচালক মোরশেদুল আলম কাদেরী এবং খোরশেদুল আলম কাদেরী সহ চা শ্রমিকরা উপস্থিত ছিলেন।


















