বুধবার , ২৫ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকে অবরোধ প্রত্যাহারের দাবিতে সমাবেশ, সংকট নিরসনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
নভেম্বর ২৫, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলমান সড়ক অবরোধে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অবরোধের কারণে যোগাযোগ, চিকিৎসাসেবা ও ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা তৈরি হয়েছে দাবি করে দ্রুত অবরোধ প্রত্যাহার ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন স্থানীয় কার্বারি, হেডম্যান, জনপ্রতিনিধি ও ভুক্তভোগী সাধারণ মানুষ। একই সঙ্গে দ্রুত সংকট নিরসন না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাজেক দাড়িপাড়া এলাকায় আয়োজিত সমাবেশ ও সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়। এ সময় অবরোধের ফলে সৃষ্ট জনদুর্ভোগের চিত্র তুলে ধরে একটি লিখিত বক্তব্য পাঠ করা হয়।

লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১১ অক্টোবর সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি নামে দুটি সংগঠন গঠন করে তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। পরবর্তীতে ২৬ অক্টোবর রাঙামাটি ও খাগড়াছড়ির সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাজেকে গিয়ে অবরোধকারী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে আগের তিন দফা দাবির পরিবর্তে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে চারটি দাবি প্রশাসনের পক্ষ থেকে মেনে নেওয়া হলেও জেএসএস (সন্তু লারমা গ্রুপ)-এর সশস্ত্র সদস্যদের সাজেক থেকে সরিয়ে নেওয়ার দাবি অমীমাংসিত থাকায় অবরোধ প্রত্যাহার হয়নি বলে উল্লেখ করা হয়।

বক্তব্যে আরও বলা হয়, গত ১০ নভেম্বর সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা পদত্যাগের পাশাপাশি সংগঠনটি বিলুপ্ত ঘোষণা করেন এবং সড়ক অবরোধের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের ঘোষণা দেন। কিন্তু এরপরও অবরোধ কর্মসূচি অব্যাহত থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ কমেনি।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সাজেক ইউনিয়নের ৫০টির বেশি গ্রামের হাজার হাজার মানুষের জীবন-জীবিকা গঙ্গারাম, উজো ও মাচালং বাজারসহ বিভিন্ন বাজারের ওপর নির্ভরশীল। কিন্তু সড়ক অবরোধের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জরুরি ওষুধ সংগ্রহ ব্যাহত হচ্ছে। বন্ধ হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য, বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক যাতায়াত ও চিকিৎসাসেবা। এতে নিম্ন আয়ের মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার বাসিন্দারা চরম আর্থিক ও মানবিক সংকটে পড়েছেন।

অবরোধের কারণে সৃষ্ট সংকটের উদাহরণ তুলে ধরে লিখিত বক্তব্যে গত ৭ নভেম্বর পর্যাপ্ত চিকিৎসাসেবা না পেয়ে ওয়ারেন্টি ত্রিপুরা (২৬) নামে এক প্রসূতি মায়ের মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়। এছাড়া গত ১২ নভেম্বর সাজেক বনানী বৌদ্ধ বিহারের সামনে ইউপিডিএফের কর্মীরা ১১ জনের ১১টি মোটরসাইকেলের তার কেটে দিয়ে ক্ষতিসাধন করেছে বলেও অভিযোগ করা হয়।

এদিকে বাঘাইহাট, বাইবাছড়া, তালে বাইবাছড়া, চামনীছড়া ও গঙ্গারাম এলাকার মানুষ অবরোধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেন বক্তারা। সাধারণ মানুষকে জোরপূর্বক পিকেটিংয়ে অংশ নিতে বাধ্য করা, ছবি তুলে হয়রানি এবং বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগও তোলা হয় সংবাদ সম্মেলনে।

বক্তারা বলেন, সাজেকের সাধারণ মানুষ চলমান অবরোধের পক্ষে নন। তাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল ইউপিডিএফের মদদ ও প্ররোচনায় নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। একই সঙ্গে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি, সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি ও সাজেক সামাজিক অবক্ষয় প্রতিরোধ কমিটির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলেও লিখিত বক্তব্যে দাবি করা হয়।

সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে সড়ক অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যোগাযোগ ও জনসাধারণের চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ এবং অবরোধের নামে হয়রানি ও হুমকির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যের শেষাংশে কার্বারি, হেডম্যান, জনপ্রতিনিধি ও ভুক্তভোগী সাধারণ মানুষের পক্ষ থেকে বলা হয়, সাজেকের চলমান সংকট দ্রুত নিরসন করে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা না হলে তারা বৃহত্তর ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: