রাঙামাটিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, গণভোটের গণরায়, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (বুধবার, ০৫ আগস্ট) সকালে রাঙামাটি শহরের শহীদ মিনার এলাকায় স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।
রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসন, জেলা পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে জেলা প্রশাসনের মিলনায়তনে আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
এদিকে দুপুরে জেলা জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় ঐক্য গণভোটের গণরায়, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা গণভোটের গণরায়, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।
এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম বিএনপির সমালোচনা করে বলেন, “দীর্ঘ ২৯ বছর আমরা একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে একই কাতারে দাঁড়িয়ে নির্যাতনের শিকার হয়েছি, একই সুরে কথা বলেছি, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একমত হয়েছি কিন্তু ক্ষমতায় যাওয়ার পর আপনারা সব ভুলে গেছেন, জুলাই সনদ ভুলে গিয়েছেন।”
তিনি আরও বলেন, “৭০ শতাংশ মানুষের গণরায় ও গণভোটের দাবি ভুলে যাওয়া ঠিক হয়নি। জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় সেবার মূল্যবৃদ্ধি নিয়েও সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
এছাড়া জেলার কাউখালী, কাপ্তাই, বাঘাইছড়ি সহ উপজেলাগুলোতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথকভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।


















