রাঙামাটিতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ খাতে দুর্নীতি প্রতিরোধে স্থানীয় পর্যায়ে নেওয়া বিভিন্ন উদ্যোগের অভিজ্ঞতা ও অর্জন তুলে ধরেন অংশগ্রহণকারীরা। একই সঙ্গে তরুণদের আরও বেশি সম্পৃক্ত করে এ ধরনের উদ্যোগকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
বুধবার (১২ আগস্ট) রাঙামাটি সদরের স্প্রীং ব্রিজ রেস্টুরেন্টে সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি রাঙামাটির আয়োজনে এ অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাক্টিভ সিটিজেনস গ্রুপের (এসিজি) দেড় শতাধিক সদস্য অংশ নেন।
সভায় ২০২২ সাল থেকে বাস্তবায়িত “প্যাক্টা” প্রকল্পের আওতায় শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশ খাতে পরিচালিত বিভিন্ন নাগরিক উদ্যোগের অগ্রগতি, অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়। পাশাপাশি এসব উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা ও শিক্ষণীয় বিষয় নিয়ে অংশগ্রহণকারীরা মতবিনিময় করেন। তরুণদের আরও সম্পৃক্ত করে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে কীভাবে শক্তিশালী করা যায়, সে বিষয়েও আলোচনা হয়।
সনাক রাঙামাটির সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমার সভাপতিত্বে এবং সনাক সদস্য রেজাউর রশিদ পাপ্পুর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সনাকের সহ-সভাপতি এস এম মঈন উদ্দিন। সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান।
সভায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাবে কাজী শফিকুর রহমান বলেন, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অন্যকে পরিবর্তনের কথা বলার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। নিজে শুদ্ধ না হলে অন্যকে শুদ্ধ করা সম্ভব নয়। স্থানীয় পর্যায়ের অভিজ্ঞতা ও অর্জনকে কাজে লাগিয়ে সচেতন নাগরিকদের পাশাপাশি তরুণ ও তরুণ সংগঠকদের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
স্বাগত বক্তব্যে সনাকের সহ-সভাপতি এস এম মঈন উদ্দিন বলেন, স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করতে তরুণদের এগিয়ে আসতে হবে। দেশের বিভিন্ন আন্দোলনে তরুণরা যেভাবে ভূমিকা রেখেছে, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনেও তাদের সক্রিয় হতে হবে।
সভাপতির বক্তব্যে সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য পূর্বসূরিরা বিভিন্ন সময়ে আত্মত্যাগ করেছেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তরুণ প্রজন্মকে সেই ধারাবাহিকতায় নতুন করে ভূমিকা রাখতে হবে। তিনি তরুণদের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন সনাক রাঙামাটির সাবেক সভাপতি নিরূপা দেওয়ান ও অঞ্জুলিকা খীসা এবং সনাক সদস্য সীমা দেওয়ান, মুজিবুল হক বুলবুল, গৈরিকা চাকমা, মোহাম্মদ আলী ও শামীম আরা বেগম।
এ সময় সনাক ও টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট সুম্মিতা চাকমা, সনাক সদস্য অ্যাডভোকেট রাজিব চাকমা ও সুনেন্টু চাকমাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমার নেতৃত্বে অংশগ্রহণকারীরা দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করে শপথ পাঠ করেন।


















