রাঙামাটিতে মাদক ব্যবসা ও অসামাজিক কাজে অসম্মতি জানানোয় হাছিনা বেগম সুমি (২৮) নামে নারীকে হত্যার মামলায় একমাত্র আসামী মাহিবুর কামাল প্রকাশ মহিবুল্লাহকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
আজ (মঙ্গলবার, ০৬ অক্টোবর) দুপুরে রাঙামাটি দায়রা জজ মোঃ আহসান তারেক এর আদালত এ আদেশ দেন। একইসাথে আসামীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডেও দন্ডিত করা হয়েছে। রায় কার্যকর করতে গ্রেপ্তার আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
দন্ড পাওয়া আসামী মহিবুল্লাহ নেত্রকোনা জেলার মদন থানার কাইটাইল গ্রামের বাসিন্দা মো: মনির উদ্দিনের ছেলে। হত্যাকান্ডের সময় তিনি রাঙামাটির কাপ্তাই নতুন বাজার জাকির হোসেন ‘স’ মিল এলাকায় বসবাস করতেন।
মামলার তথ্যমতে মাদক ব্যবসা ও অসমাজিক কাজে অসম্মতি জানানোর জেরে খুনের শিকার হাছিনা বেগম সুমি (২৮) গত ২০২২ সালের ১১ মার্চ বিকালে নিখোঁজ হন। পরদিন কাপ্তাই বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকারীরা মৃত্যু নিশ্চিত করে লাশ গুম করার উদ্দেশ্যে দাহ্য জাতীয় পদার্থ দিয়ে লাশে আগুন লাগিয়ে লাশ বিকৃত করে ফেলে যায়। এ ঘটনায় দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে আজ আদালত মামলার একমাত্র আাসামীর মৃত্যু দন্ডের রায় দেন।
রায়ে আসামীর মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী এই রায়ের বিরুদ্ধে অদ্য হতে ০৭ (সাত) দিনের মধ্যে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে পারবেন।
তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন আসামীর আইনজীবী রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য মোঃ মাসুম।


















