রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও এসএসসি পরীক্ষায় ২০২৬ সালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১২ টায় কাপ্তাই নৌবাহিনী শহীদ মোয়াজ্জেম ঘাঁটির পিকনিক স্পট লেক প্যারাডাইসের ভিআইপি শেডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘাঁটির অধিনায়ক কমডোর এম সোহেল আজম। এসময় তিনি বলেন, যারা জিপিএ ৫ অর্জন করেছ, তাদেরকে এই অর্জন ধরে রাখতে হবে। এই সময় টা তোমাদেরকে কাজে লাগাতে হবে। তোমাদেরকে ভালো মানুষ হতে হবে। বইয়ের গন্ডি বাহিরেও তোমাদেরকে সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত হয়ে প্রতিভাকে মেলে ধরতে হবে।
এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ (বিএন)। স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে ঘাঁটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার হাসান মাহমুদসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয় এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে নবীন শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির প্রভাষক তামান্না ইসলাম ও রোজ সোনিয়া চৌধুরী।


















