রাঙামাটি এনসিপির মতবিনিময় ও কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে। জুলাইয়ের চেতনায় ‘নাগরিকদের অধিকার ও প্রাণ প্রকৃতি রক্ষা, বৈষম্যহীন ও ভ্রাতৃত্বের বন্ধনে সকল জাতি গোষ্ঠীকে এক করাই এনসিপির লক্ষ্য।
রাঙামাটি প্রেস ক্লাব মিলনায়তনে পাহাড়ের বুকে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাহাড়ে জুলাই বিপ্লবের অবিনাশী চেতনাকে ধারণ করে সদ্য ঘোষিত রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্যদের সমন্বয়ে এই সাংগঠনিক ও রাজনৈতিক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন। সভাপতিত্ব করেন জেলা এনসিপি-র আহ্বায়ক জনাব প্রিয় চাকমা। সদস্য সচিব জনাব শহিদুল ইসলাম খান। সভায় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শাহেদুল আলম শাকিল সহ জেলা এনসিপি-র অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সুজা বলেন, “রাজনীতির প্রতিটি পথে-প্রান্তরে আজ সাধারণ মানুষের অধিকার আদায়ের আওয়াজ তুলছে এনসিপি। পাহাড়, সাগর কিংবা সমতল—আমাদের দল দেশের প্রতিটি প্রান্তিক মানুষের। আমরা কেবল ক্ষমতার রাজনীতি নয়, বরং জনগণের সত্যিকারের কল্যাণ নিশ্চিত করতে ‘জননীতি’র বাস্তবমুখী প্রয়োগ ঘটাতে চাই। তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব তৈরি করে শোষণের চিরতরে অবসান ঘটানোই আমাদের মূল লক্ষ্য।”
সভায় উপস্থিত জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী দিনের রাজনৈতিক রূপরেখা, পাহাড়ি অঞ্চলের মানুষের অধিকার রক্ষা, তৃণমূল পর্যায়ে দলীয় কাঠামো শক্তিশালীকরণ এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা উল্লেখ করেন, এনসিপি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, বরং পাহাড় ও সমতলের সকল ভাষা ও সংস্কৃতির মানুষের একতার প্ল্যাটফর্ম। সভায় অন্যান্য আলোচ্যসূচীর মধ্যে আগামী ১৫ অক্টোবর তারিখের মধ্যে রাঙামাটি পার্বত্য জেলার ১০টি উপজেলায় কমিটি প্রদানের বিষয়টি গুরত্বের সাথে আলোচিত হয়।।


















