রাঙামাটির কাপ্তাইয়ে মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাইখালী সেতুবন্ধন যুব সংঘ আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি রাঙামাটি জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উথোয়াই মং মারমা বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং শারীরিক ও মানসিক সুস্থতার অন্যতম উপায়। নিয়মিত খেলাধুলা শরীরের রক্তপ্রবাহ বাড়ানোর পাশাপাশি মানসিক চাপ ও বিষণ্নতা দূর করতে সহায়তা করে। খেলাধুলার মাধ্যমে নিয়ম-শৃঙ্খলা, ধৈর্য, আত্মবিশ্বাস এবং পরাজয় মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয়।
সেতুবন্ধন যুব সংঘের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য ছোটন দের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহম্মদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, রাইখালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল হাসেম মেম্বার, চন্দ্রঘোনা থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামান, সেতুবন্ধন যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শফিউল আলম সাগর, সাবেক জাতীয় ফুটবলার মো. জামাল উদ্দীন এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক টিপলু কুমার মল্লিক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অনুপম রায় চৌধুরী।
উদ্বোধনের পর মাঠে গড়ায় টুর্নামেন্টের প্রথম ম্যাচ। এতে সেতুবন্ধন ক্লাব ও পানছড়ি একতা সংঘ মুখোমুখি হয়। খেলায় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সেতুবন্ধন ক্লাব ৫-০ গোলের বড় ব্যবধানে পানছড়ি একতা সংঘকে পরাজিত করে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. বাবলু মারমা। সহকারী রেফারি ছিলেন আমিনুল ইসলাম রিফাত ও রনি মারমা। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য সেতুবন্ধন ক্লাবের মোহাম্মদ জিসানকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।


















