পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় জনসাধারণের জন্য দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার পাহাড়ি ও বাঙালি নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। ১১ আর ই ব্যাটালিয়নের মেডিকেল অফিসার এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এ সময় রোগীদের চিকিৎসাসেবা দেন।
ক্যাম্পে আগত রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এ ছাড়া সাধারণ রোগব্যাধি প্রতিরোধ, নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
আয়োজকেরা জানান, দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
স্থানীয় জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণে রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে ১১ আর ই ব্যাটালিয়নের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


















