বন ও বনসম্পদ সংরক্ষণে মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে রাঙামাটির কাপ্তাইয়ে ২৫ জন ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে চতুর্থ ব্যাচের এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার।
বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় একে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাজ্জাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন সদর রেঞ্জ কর্মকর্তা দীপন চাকমা।
সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে মোট ২৫ জন ফরেস্ট গার্ড অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে বন ব্যবস্থাপনা, বন সংরক্ষণ, বনসম্পদ রক্ষা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের কৌশলসহ বন বিভাগের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে বন বিভাগের মাঠপর্যায়ের কর্মীদের পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনের সক্ষমতা বাড়বে। পাশাপাশি বনজ সম্পদ রক্ষা, অবৈধ বন উজাড় প্রতিরোধ এবং বন সংরক্ষণ কার্যক্রম আরও গতিশীল করতে প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


















