রাঙামাটিতে দুর্গম এলাকা ও পাহাড়ি জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাঙামাটি শহরের কে কে রায় সড়কের আশিকা কনভেনশন পার্কে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে উঠে এসেছে, পাহাড়ে দীর্ঘমেয়াদি পানি সংকটের পেছনে অবাধ সেগুন বাগান ও প্রাকৃতিক বন ধ্বংস করে বাগান তৈরি দায়ী।
সংলাপ অনুষ্ঠানে আয়োজক সংস্থা প্রোগ্রেসিভের মুখ্য নির্বাহী পরিচালক সুচরিতা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সদর উপজেলার সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়া। প্যানেল আলোচক ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুক, আশিকা এনজিওর উপ-নির্বাহী পরিচালক কক্সী তালুকদার এবং সিআইপিডি’র নির্বাহী পরিচালক পলাশ খীসা।
এদিন বেলা ১১টার দিকে ‘সর্বজনীন স্যানিটেশন পরিষেবা: দুর্গম ও পাহাড়ি জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা এবং বাস্তবতা’ শীর্ষক সংলাপ শুরু হয়।
সংলাপের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ,এসকেএস এবং ফানসা।
সংলাপের মূল ধারণাপত্র উপস্থাপন এবং সংলাপ পরিচালনা করেন সিএইচটি উইমেন অ্যাক্টিভিস্ট ফোরাম রাঙামাটির সদস্য নুকু চাকমা। এসময় হেডম্যান (মৌজাপ্রধান) পুষ্প তালুকদার, কার্বারি (গ্রামপ্রধান) শান্তনা খীসা, উন্নয়ন কর্মী বিটু দত্ত, রিতা চাকমা, বিপ্লব চাকমা, এ্যানি চাকমা, টিআইবি রাঙামাটির ম্যানেজার বেনজিন চাকমা, সাপছড়ি ইউপি সদস্য সুনীল কুমার চাকমা, সুরেশ চাকমা ও যুবনেতা বিটন চাকমাসহ আরও অনেকেই নিজেদের মতামত ও বক্তব্য তুলে ধরেন।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর সুপেয় পানির তীব্র সংকটের পাশাপাশি নিরাপদ ও মানসম্মত স্যানিটেশনের প্রকট সংকট রয়েছে। সরকারি-বেসরকারি উদ্যোগের সীমাবদ্ধতার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর অসচেতনতা ও অবহেলা এ সংকটকে অনেকাংশে প্রকট করে তুলেছে। দুর্গম এলাকা ও প্রান্তিক মানুষের নিরাপদ ও মানসম্মত স্যানিটেশনের ক্ষেত্রে পানির সংকটই বড় সমস্যা। এ কারণে প্রান্তিক এলাকার মানুষের মধ্যে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগ-বালাইয়ের ঝুঁকি থাকে, যার ফলে ডায়রিয়ায় পাহাড়ে এখনো মৃত্যু থামেনি।
বক্তারা আরও উল্লেখ করেন, শুধু প্রান্তিক এলাকা নয়, সাম্প্রতিক সময়ে পৌর এলাকায় শৌচাগারের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কাপ্তাই হ্রদের দূষণ বাড়াচ্ছে। পাহাড়ে নিরাপদ স্যানিটেশন গড়ে তুলতে প্রান্তিক মানুষের জন্য বাজেট বৃদ্ধি করে মাঠ পর্যায়ে কার্যক্রম বাড়াতে হবে। পাশাপাশি পাহাড়ে দীর্ঘমেয়াদি পানি সংকটের পেছনে অবাধে সেগুন গাছ এবং প্রাকৃতিক বন কেটে বাগান তৈরি বেশি দায়ী।


















