আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জাহিদুল ইসলাম, পিএসসি।
তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা জোন (২৭ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, নির্বাচনকালীন দায়িত্ব পালনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজিবি কঠোরভাবে অনুসরণ করছে। বাহিনীটি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করছে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়।
তিনি আরও বলেন, গত ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বিজিবি সারাদেশে পূর্ণমাত্রায় মোতায়েন রয়েছে। দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই সারা দেশে ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য দায়িত্ব পালন করছে। ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে বিজিবি মোতায়েন রয়েছে এবং সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করছে।
নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, জাল নোট, মাদক ও অস্ত্র পাচার রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় ড্রোন ক্যামেরা, নাইট ভিশন গগলস ও বাইনোকুলার ব্যবহারের মাধ্যমে টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি স্থায়ী ও অস্থায়ী চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।
তিনি জানান, রাঙ্গামাটি-২৯৯ সংসদীয় আসনের বাঘাইছড়ি উপজেলায় একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নের মোট ২১টি ভোটকেন্দ্রে মারিশ্যা ব্যাটালিয়নের চারটি বেস ক্যাম্প থেকে ছয়টি প্লাটুন জনবল দায়িত্ব পালন করছে। এছাড়া উপজেলায় মোট ৩৯টি দুর্গম ভোটকেন্দ্রের মধ্যে পাহাড়ি এলাকায় ছয়টি হেলিশট ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে দুইটি মারিশ্যা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায়।
প্রেস ব্রিফিংয়ের শেষাংশে তিনি বাঘাইছড়ি উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন এবং নির্বাচন-পূর্ব ও নির্বাচন-পরবর্তী যে কোনো নৈরাজ্য মোকাবিলায় ২৭ বিজিবি সর্বদা জনগণের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।
এ সময় মারিশ্যা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এম. শাহিনুর রহমান, মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা এবং আমন্ত্রিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


















