খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবু দাশের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, মহালছড়ি জোনের প্রতিনিধি ওয়ারেন্ট অফিসার মো. শাহিন খান, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার চৌহলাপ্রু চৌধুরী এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও মাসব্যাপী চলমান বৌদ্ধ ধর্মীয় কঠিন চীবর দান উৎসব নিবিঘ্নে উৎযাপিত হয় সে বিষয়ে আলোচনা করা হয় এবং কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সকলকে সজাগ থাকার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতার মাধ্যমে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।


















