উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১ নভেম্বর জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে মহালছড়িতে র্যালী, আলোচনা সভা ও যুব কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
“দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার(০১ নভেম্বর) সকাল ১০:০০ ঘটিকায় বর্ণাঢ্য র্যালীর অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু করে মহালছড়ি বাজার সংলগ্ন সড়ক পদক্ষিণ করে আবারও উপজেলা চত্বরে এসে শেষ হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহম্মেদ, উপজেলা যুবদলের আহব্বায়ক মোঃ শরিফুল ইসলাম, খাদ্য কর্মকর্তা প্রমিত চাকমা,মৎস কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমা,সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন,প্রেসক্লাব সভাপতি দীপক সেন সহ এ সময় স্থানীয় যুবক-যুবতী, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নবরত্ন চাকমার স্বাগত বক্তব্যর পর স্থানীয় সফল উদ্যোক্তারা তাদের সফলতার গল্প ও সরকারের সহযোগিতা কথা তুলে ধরেন।
এছাড়াও চলতি বছরে উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়নে করল্যাছড়ি গ্রামের নবারুন সংঘকে সরকারের যুব উন্নয়ন তহবিল থেকে ৭৫ হাজার চেক পেয়েছেন সে বিষয়ে আলোকপাত করেন ক্লাবের সাধারণ সম্পাদক মঞ্জু লাল চাকমা। তিনি এই অর্থ দিয়ে প্রজেক্টের পরিধি আরো বৃদ্ধি করবেন বলে জানান এবং চাকরীর জন্য বসে না থেকে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে নিজে কিছু করার প্রচেষ্টা করার অনুরোধ জানান।
আলোচনা সভা শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক “ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড”-২০২৬ এ যুব সংগঠন নবারুন সংঘকে মৎস্য প্রকল্পে ৭৫,০০০ টাকার অনুদানের চেক প্রদান করা হয়।


















