পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আনন্দ ভাগাভাগি করে নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি শাখা ৬৭টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে। এই উদ্যোগের মাধ্যমে সমাজের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৩টায় উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ও জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রহমতুল্লাহ। তিনি উপকারভোগীদের হাতে ঈদ উপহার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন তা সমাজের সব শ্রেণির মানুষের মধ্যে সমানভাবে ছড়িয়ে দেওয়া যায়। তিনি আরও বলেন, শুধু সচ্ছল মানুষের মধ্যে আনন্দ সীমাবদ্ধ না রেখে অসহায় মানুষের কাছেও সেই আনন্দ পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি উল্লেখ করেন, এ ধরনের উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা এবং সামাজিক সংহতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপকারভোগীরা জানান, ঈদের আগে এই সহায়তা তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। তারা বলেন, এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং সমাজের বিত্তবানদের পক্ষ থেকে দরিদ্রদের প্রতি দায়িত্ববোধ ও আন্তরিকতার প্রকাশ। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ আবসার হোসেন এবং সভাপতিত্ব করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের টিম সদস্য আব্দুল কাইয়ুম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসান আলী, পৌর সভাপতি নেয়ামত উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এই আয়োজনটি স্থানীয়ভাবে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


















